জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল
মে ১৫, ২০২৬, ০৫:০৬ পিএম
ভারতের বিভিন্ন রাজ্যে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, ঘরবাড়ি ভাঙচুর ও ধর্মীয় অবমাননার প্রতিবাদে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবারজুমার নামাজ শেষে মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে ‘ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশন’ এবং সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। মিছিলটি মাটিরাঙ্গা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তবলছড়ি চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। মিছিল থেকে ‘ভারতে মুসলিম নির্যাতন বন্ধ করো’, ‘বিশ্ব মুসলিম এক হও’ এবং ‘নির্যাতন চালিয়ে ইসলামকে দাবিয়ে রাখা যাবে না’ এমন নানা স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিম জনগোষ্ঠীর ওপর চলমান হামলা ও ধর্মীয় নিপীড়নের তীব্র নিন্দা জানান মাটিরাঙ্গা ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. হারুন উর রশিদ।
তিনি, সাম্প্রতিক সময়ে সুপরিকল্পিতভাবে মুসলমানদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো হচ্ছে। সংখ্যালঘু মুসলিমদের ওপর এই সহিংসতা আন্তর্জাতিক মানবাধিকারের চরম লঙ্ঘন। ধর্মীয় স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হলেও ভারত সরকার তা পালনে ব্যর্থ হচ্ছে। ভারতে মুসলিমদের রক্ত নিয়ে হোলি খেলা হচ্ছে। এই বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই সাম্প্রদায়িক সহিংসতা বন্ধের দাবি জানাই।
সমাবেশে বক্তারা বলেন, ভারত নিজেকে গণতান্ত্রিক দেশ হিসেবে দাবি করলেও সেখানে প্রতিনিয়ত সংখ্যালঘুদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। বর্তমানে সেখানে মুসলিমদের জান-মাল ও ইজ্জতের কোনো নিরাপত্তা নেই।
সমাবেশ থেকে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা ৩টি প্রধান দাবি জানান- ভারতে মুসলিমদের ওপর রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে, অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি-কে (OIC) এই ইস্যুতে কঠোর ভূমিকা পালন করতে হবে।
ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলাম শান্তির ধর্ম, কিন্তু মুসলিমদের ওপর আঘাত আসলে বিশ্ব মুসলিম সমাজ চুপ করে বসে থাকবে না। তারা অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবদিন সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আব্দুল জলিল এবং ইমাম ও ওলামা কল্যাণ ফাউন্ডেশনের আখতারুজ্জামান ফারুকীসহ আরও অনেকে।
সমাবেশ শেষে ভারতসহ সারা বিশ্বের নির্যাতিত মুসলিমদের নিরাপত্তা, শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. হারুন উর রশিদ।
জেএইচআর