মো. রুয়েল কামাল, বড়লেখা (মৌলভীবাজার)
মে ১৬, ২০২৬, ০৫:৫৩ পিএম
আসন্ন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও প্রার্থীরা বসে নেই। সভা-সমাবেশ ও পৌরবাসীর সঙ্গে মতবিনিময় অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মেয়র পদপ্রার্থী ও বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খসরু সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন।
শনিবার পৌরবাসীর উদ্যোগে বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু গাজিটেকা এলাকায় নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করেন। সভায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বৃহত্তর গাজিটেকা এলাকার সভাপতি হাজী সরফ উদ্দিন (লুলু)-এর সভাপতিত্বে এবং বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মো. মুজিবুর রহমান খসরু। আরও বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ অরুণ চন্দ্র দাস, কৃপা সিন্ধু দে, অ্যাডভোকেট গোপাল দে বাবলু (হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের বড়লেখা উপজেলা সভাপতি ও কোর্টের এপিপি অ্যাডভোকেট শৈলেশ চন্দ্র রায়), পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মীর মখলিছুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মালিক, উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক আমেনা বেগম ডলি সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান খসরু বলেন, “বড়লেখা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”
তিনি আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক সমস্যা, টেকসই উন্নয়ন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত পৌর শহর গঠনে সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবসমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এএন