মিরাজ আহমেদ, মাগুরা
মে ১৬, ২০২৬, ০৯:৪১ পিএম
‘সেবার ব্রতে চাকরি’ এই স্লোগানকে সামনে রেখে মাগুরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর আগে মাগুরা পুলিশ লাইনস মাঠে তিন দিনব্যাপী শারীরিক মাপ ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট (পিইটি) অনুষ্ঠিত হয়। উক্ত পরীক্ষার সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীরাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।
মাগুরা জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদ অনুসারে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
লিখিত পরীক্ষা চলাকালে মাগুরা জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা এবং পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি এআইজি (ভারপ্রাপ্ত) (পিআইএমএস) শারমিন আক্তারসহ নিয়োগ বোর্ডের সদস্যরা সরেজমিনে পরীক্ষার হল পরিদর্শন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আগামী ২৪ মে ২০২৬ সকাল ১০টায় মাগুরা জেলা পুলিশ লাইনস মাঠে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই দিন সকাল ১১টা থেকে উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরবর্তীতে লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে প্রাথমিকভাবে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে বলে জানিয়েছে মাগুরা জেলা পুলিশ।
এএন