মহসিন তালুকদার, মাদারীপুর
মে ১৮, ২০২৬, ০৭:৩৭ পিএম
মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য এবং মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহানকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে কুনিয়া ইউনিয়ন বিএনপি ও তার সকল অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে স্থানীয় একটি মাঠে এই উৎসবমুখর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুনিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আ. সালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তিত্ব, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমিত হোসেন কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া।
দুপুর গড়াতেই কুনিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে সভাস্থলে জড়ো হতে থাকেন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে পৌঁছালে কুনিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন।
সংবর্ধনার জবাবে প্রধান অতিথি জাহান্দার আলী জাহান কুনিয়া ইউনিয়নবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই সংবর্ধনা কেবল তাঁর একার নয়, এটি কুনিয়ার সর্বস্তরের মেহনতি ও অবহেলিত মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। জনগণের অধিকার রক্ষা এবং মাদারীপুরের সার্বিক উন্নয়নে তিনি অতীতেও যেমন পাশে ছিলেন, আগামীতেও জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে মানুষের সেবা করে যাবেন।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট জাফর আলী মিয়া বলেন, জাহান্দার আলী জাহান মাদারীপুরের মাটি ও মানুষের নেতা। তাঁর হাত ধরে মাদারীপুর জেলা বিএনপি আরও সুসংগঠিত হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। সভাপতির বক্তব্যে আঃ সালাম হাওলাদার অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
জেএইচআর