হীরা, রাজৈর (মাদারীপুর)
মে ১৯, ২০২৬, ০৫:০০ পিএম
‘সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের রাজৈর উপজেলা ভূমি অফিসের আয়োজনে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৬’ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বর্ণাঢ্য র্যালি ও ভূমিসেবা সংক্রান্ত চিরকুটসহ হাওয়াই বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এই মেলার শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এক জনসচেতনতামূলক সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহফুজুল হক।
রাজৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, জমির ভুল সংশোধন ও জমিজমা সংক্রান্ত যেকোনো বিষয়ে দ্রুত সেবা প্রদান এবং সঠিক সমাধানের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশির সেবাগ্রহীতাদের সামনে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার নানা দিক তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ভূমির সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এই ধরনের সচেতনতামূলক সেমিনার করা হবে। এই মেলা ও প্রচারণার মাধ্যমে সাধারণ মানুষ তাঁদের ভূমি সংক্রান্ত অনেক জটিল সমস্যার সমাধান সহজে পাবেন বলে আশা প্রকাশ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. মহিউদ্দিন, অফিস সহকারী ফারুক হোসেন ও লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মী, বিভিন্ন স্কুলের স্কাউট সদস্য এবং সেবাভোগী সাধারণ নাগরিকেরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
জেএইচআর