শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
মে ২৫, ২০২৬, ০২:৫৪ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছেন।
সোমবার এসব দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের আরও চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
নিহতরা হলেন-পাবনা জেলার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের কন্যা সারা খাতুন (৮) এবং শাহজাদপুর উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা আলমগীরের পুত্র আহম্মদ (৭)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকাল ১১টার দিকে দিলরুবা বাসস্ট্যান্ড এলাকায় একটি যাত্রীবাহী সিএনজির সঙ্গে লবণবোঝাই ভটভটির (স্থানীয়ভাবে ‘কুত্তাগাড়ি’) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সারা খাতুন ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় সিএনজির যাত্রী সবুজ প্রামাণিক, তার স্ত্রী মিতা খাতুন এবং তাদের দুই সন্তান সোহা খাতুন ও আয়ান গুরুতর আহত হন।
অন্যদিকে একই মহাসড়কের মশিপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় আলমগীরের ছেলে আহম্মদ একটি সিমেন্টবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, পৃথক দুই দুর্ঘটনায় নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও ভটভটি আটক করা হয়েছে এবং দুটি ঘটনায় পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এম জি