লালমনিরহাট প্রতিনিধি
মে ২৫, ২০২৬, ০৩:৪১ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তারা মানুষের ভালোবাসা অর্জনের জন্য নয়, বরং বিভ্রান্তি ছড়াতেই এসব বক্তব্য দিচ্ছেন।
তিনি বলেন, তিস্তা অধিকার আদায়ের আন্দোলনে এসব সমালোচকদের কখনোই দেখা যায়নি। প্রধানমন্ত্রী যেমন পদ্মা সেতুর ঘোষণা দিয়েছিলেন, তেমনি তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন।
সোমবার লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের চিনাতলী স্কুল মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ‘তিস্তা পাড়ের ভালোবাসার বাজার’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পদ্মা ব্যারেজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগের সরকারই এই প্রকল্পের কিছু অগ্রগতি করেছিল, আর একনেকে তা অনুমোদন দেওয়া হয়েছে। তবে তিস্তা মহাপরিকল্পনাই বর্তমানে সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি বলেন, এই দুই কোটি মানুষের জন্য তিস্তা নিয়ে আমরা আন্দোলন করেছি। যারা ভালো কাজকে ভালোভাবে দেখতে পারে না, তারাই এর বিরোধিতা করছে।
সীমান্ত হত্যা প্রসঙ্গে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, কোনো অবস্থাতেই বিনা বিচারে সীমান্তে গুলি করে হত্যা গ্রহণযোগ্য নয়। কেউ অপরাধী হলেও তাকে আইনের আওতায় এনে বিচার করা উচিত।
এ সময় তিনি বিদ্যানন্দ ফাউন্ডেশনের ‘এক টাকার বাজার’ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অতিদরিদ্র মানুষদের চিহ্নিত করে মাত্র এক টাকায় ১০টি নিত্যপণ্য দেওয়া হচ্ছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির কারণে মানুষ কষ্টে রয়েছে, এমন সময়ে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জামাল উদ্দিন, জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, জেলা পুলিশ সুপার আসাদুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এম জি