পনির ভূঁইয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)
মে ২৬, ২০২৬, ০৮:২৫ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন ও ছুটির টাকার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চৈতি গার্মেন্টসের শ্রমিকরা।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার টিপুদী এলাকায় মহাসড়ক অবরোধ করেন তাঁরা। এ সময় মহাসড়কের উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে তীব্র দুর্ভোগে পড়েন ঈদে ঘরমুখো মানুষ।
বিক্ষুব্ধ শ্রমিক সুমন মিয়া বলেন, চৈতি গার্মেন্টস কর্তৃপক্ষ প্রতি মাসের ৭ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও মাস শেষ হতে চলল, অথচ এখনো বেতন ও ঈদ বোনাস দিচ্ছে না। বাধ্য হয়েই আমরা মহাসড়ক অবরোধ করেছি।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ ও সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ারসহ পুলিশ সদস্যরা। তাঁরা শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার পর বিকেল ৫টার দিকে প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তবে কারখানার জেনারেল ম্যানেজার (জিএম) মিজানুর রহমান বকেয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, বৈশ্বিক সমস্যার কারণে আমরা কয়েক মাস যাবৎ নতুন বৈদেশিক বায়ার আনতে পারছি না। তবে শ্রমিকদের বেতন-ভাতা আমরা সব সময় সঠিক সময়েই পরিশোধ করে যাচ্ছি।
জেএইচআর