আমার সংবাদ ডেস্ক
মে ৩১, ২০২৬, ০৪:৫২ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমানসহ একাধিক রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ও উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে এনসিপির কেন্দ্রীয় সংগঠক আনোয়ার হোসেনকে গণপিটুনি দিয়ে স্থানীয়রা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
শনিবার রাত ৮টার দিকে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতা নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে স্থানীয়রা তাকে আটক করে মারধর করে এবং পরে পুলিশে সোপর্দ করে।
আটক আনোয়ার হোসেন সোনাপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।
রোববার (৩১ মে) দুপুরে চরবগা গ্রামের শফিক আহমদের ছেলে রুহুল আমিন বাদী হয়ে আনোয়ার হোসেনসহ চারজনের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন বলে জানা গেছে।
স্থানীয়দের কয়েকজন দাবি করেন, আনোয়ার পূর্বে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং সম্প্রতি এনসিপির সঙ্গে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন।
রায়পুর থানার ওসি শাহীন মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এএন