দিনাজপুর প্রতিনিধি
জুন ২, ২০২৬, ০৮:৪০ পিএম
দিনাজপুরে তীব্র গরমে জনজীবন ও প্রাণিকুল ওষ্ঠাগত হয়ে উঠেছে। মঙ্গলবার দুপুর ৩টায় জেলাটিতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এর আগে দুপুর ১২টায় এখানে তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানিয়েছেন, তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের অনুভূতি অনেক বেশি তীব্র হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই জেলায় বাতাসে গড় জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৭ শতাংশ।
প্রচণ্ড গরমে মানুষ, গবাদিপশুসহ সব ধরনের প্রাণিকুল অতিষ্ঠ হয়ে পড়েছে। বিশেষ করে মাঠে কাজ করা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বেশি বিপদে। তীব্র তাপপ্রবাহের কারণে কৃষি শ্রমিকরা ঠিকমতো ধান ও ভুট্টা কাটা-মাড়াইয়ের কাজ করতে পারছেন না। একটু পর পর তাঁদের পানি পান করে তৃষ্ণা মেটাতে দেখা গেছে।
মাঠে কর্মরত মুন্না নামের এক কৃষি শ্রমিক জানান, গরমের কারণে রোদে টিকে থাকা খুব কষ্টকর হয়ে পড়েছে। কিন্তু কাজ না করলে পেটে ভাত জুটবে না, তাই বাধ্য হয়েই কাজ করতে হচ্ছে। তৃষ্ণা মেটাতে বারবার পানি পান করতে হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া ক্লান্তি ও তৃষ্ণা দূর করতে সাধারণ মানুষকে ডাব, জুস এবং আখের রস খেতে দেখা গেছে।
আবহাওয়া অফিস আরও জানায়, এই মুহূর্তে রংপুর বিভাগের বেশিরভাগ জেলাতেই মৃদু তাপপ্রবাহ বিরাজ করছে। আগামী ৪ জুন পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
জেএইচআর