আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ
জুন ৩, ২০২৬, ১১:৪০ এএম
ময়মনসিংহ নগরীতে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষ ও ছুরিকাঘাতের ঘটনায় রানা মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত মাহিন পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে নগরীর চর ঈশ্বরদিয়া মধ্যপাড়া গ্রামের গাঙ্গের বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রানা মিয়া স্থানীয় মৃত শরাফ উদ্দিনের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন। স্বজনদের দাবি, তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
আহতরা হলেন আশাদ (৩৬), মোফাজ্জল (৩৫), শাহান (৪৫), মুনসুর আলী (৫০), শাকিল (৩০) ও দিনি মিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সঙ্গে অভিযুক্ত মাহিনের নাম উঠে এসেছে। তিনি স্থানীয় একটি রাজনৈতিক পরিবারের সদস্য। এ ঘটনায় তার ভাই ফাহিমের নামও আলোচনায় রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
নিহতের স্বজন মাহাবুল অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের সময় রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এর জেরে গত সোমবার রাতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
তার দাবি, মঙ্গলবার বিকেলে প্রতিপক্ষের লোকজন দলবদ্ধভাবে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। এ সময় মাহিন ছুরি দিয়ে রানার বুকে আঘাত করেন। এতে রানা গুরুতর আহত হন এবং আরও কয়েকজন আহত হন।
পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাই তোফাজ্জল হোসেন বলেন, “আমার ভাইকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এএন