বরগুনা প্রতিনিধি
জুন ৩, ২০২৬, ১১:৪৩ এএম
বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কিশোর কলি উন্নয়ন পরিষদের উদ্যোগে বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয় ও তিনটি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পঁচাকোড়ালিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে কিশোর কলি উন্নয়ন পরিষদের সভাপতি মিসেস হামিদা এ্যনি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালতলী থানার অফিসার ইনচার্জ মো. সাইদুল ইসলাম, তালতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল বাসার, সমাজসেবক অ্যাডভোকেট গোলাম সারোয়ার হিরু, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন মিলন প্রমুখ।
কিশোর কলি উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা এইচ এম মহিববুল্লাহ’র সার্বিক সহযোগিতায় শিক্ষা উপকরণের মধ্যে ছিল লেখার খাতা, প্রয়োজনীয় বই, ক্যালকুলেটর, স্কেল, জ্যামিতি বক্স, কলম ও ইরেজার।
উল্লেখ্য, ১৯৯৩ সাল থেকে কিশোর কলি উন্নয়ন পরিষদ মানবিক কাজে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এর মধ্যে রয়েছে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষাবৃত্তি প্রদান, ছাত্রছাত্রীদের পোশাক বিতরণ, অসচ্ছল ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, অসহায় হতদরিদ্র মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি, থ্রিপিস বিতরণ, রমজানে খাদ্য সামগ্রী বিতরণসহ ইমাম-মুয়াজ্জিনদের সম্মানিত উপহার বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছে।
এএন