রাকিবুল হাসান, রাজশাহী
জুন ৮, ২০২৬, ০৪:০২ পিএম
রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
সোমবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর রাতে বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল দুর্বৃত্তের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তারা গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনার পরপরই র্যাব-৫-এর সিপিএসসি’র একটি গোয়েন্দা ও আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে গুলিগুলো জব্দ করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
এএন