কুড়িগ্রাম প্রতিনিধি
জুন ২৭, ২০২৬, ০৪:৫৪ পিএম
কুড়িগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে কুড়িগ্রাম পৌর টাউন হলে সংগঠনের জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। এতে প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি কে. এম. নাজমুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ জাহিদ হোসেন এবং জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল ইসলামসহ স্থানীয় পদস্থ কৃষিবিদরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা জোগায় ক্ষুধার অন্ন, ডিপ্লোমা কৃষিবিদ আছেন তাঁদের জন্য এবং ডিপ্লোমা কৃষিবিদ এগিয়ে গেলে কৃষি যাবে সফলতায় এই নীতিকে ধারণ করে দেশের কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও তাঁদের ভূমিকা আরও জোরালো করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন অতিথিরা।
জেএইচআর