এমরান হোসেন রাজন, চাঁদপুর
জুলাই ৩, ২০২৬, ০২:৪২ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বাখরাবাদ গ্যাসের একটি আবাসিক পাইপলাইনে প্রায় দুই মাস ধরে লিকেজের কারণে গ্যাস বের হচ্ছে। দীর্ঘদিন ধরে গ্যাস অপচয়ের পাশাপাশি যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার (৩ জুলাই) সকালে সরেজমিনে উপজেলার নবকলস এলাকায় গিয়ে দেখা যায়, গ্যাস পাইপলাইনের একটি অংশে লিকেজ সৃষ্টি হয়েছে। সেখান থেকে পানির নিচ দিয়ে বুদবুদের আকারে নিরবচ্ছিন্নভাবে গ্যাস বের হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি দীর্ঘদিন ধরে চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।
এলাকাবাসী জানান, প্রায় ৬০ দিন ধরে একইভাবে গ্যাস বের হচ্ছে। লিকেজের স্থানটি অত্যন্ত জনবহুল। এর পাশ দিয়ে প্রতিদিন শত শত মানুষ চলাচল করেন। অল্প দূরত্বেই রয়েছে মতলব সরকারি কলেজ এবং আশপাশে রয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
স্থানীয় বাসিন্দা রাসেল প্রধান বলেন, গ্যাস পাইপের একটি অংশ পানির ওপরে এবং অন্য অংশ পানির নিচে রয়েছে। পানির নিচের অংশ থেকেই সারাক্ষণ বুদবুদের মতো গ্যাস বের হচ্ছে। দ্রুত পাইপটি মেরামত না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
চাঁদপুর বাখরাবাদ গ্যাস আঞ্চলিক বিতরণ কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী মীর ফজলে রাব্বি বলেন, বিষয়টি তার জানা ছিল না। এখন অবগত হওয়ার পর দ্রুত লিকেজ মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে দ্রুত গ্যাস পাইপলাইনের লিকেজ মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
এম জি