আন্তর্জাতিক ডেস্ক
জুন ২৭, ২০২৬, ০১:১৭ পিএম
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
শুক্রবার রাতে এই হামলা চালানো হয়েছে বলে আইআরজিসি জানিয়েছে। তাদের দাবি, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।
আইআরজিসি এক বিবৃতিতে অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র আগেও দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং এবারও একই পথ অনুসরণ করেছে।
বাহিনীটির দাবি, হরমুজ প্রণালিতে পণ্যবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের কোনো সংশ্লিষ্টতা ছিল না। তারপরও ওই ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। আইআরজিসির ভাষ্য, এ হামলার মাধ্যমে বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তিও লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এ ধরনের হামলার পুনরাবৃত্তি হলে তাদের প্রতিক্রিয়া আরও ব্যাপক হবে। এর আগে শুক্রবার পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র।
মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, অভিযানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে চলমান শান্তি আলোচনা ব্যাহত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এএন