বিনোদন ডেস্ক
জুলাই ৩, ২০২৬, ০৩:৩৯ পিএম
অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের পরিবারে যুক্ত হয়েছে নতুন সদস্য। তিনি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন অভিনেত্রী।
গত সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় কন্যাসন্তানের জন্ম হয়। পরিবারের পক্ষ থেকে শিশুটির নাম রাখা হয়েছে ‘মারিয়াম বিনতে রাকিব’।
সন্তান জন্মের সুখবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসান। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি একটি দোয়া শেয়ার করেন। এরপর শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে তার পোস্টের মন্তব্যের ঘর।
পরে প্রিয়াঙ্কা জামান নিজেও কন্যাসন্তানের জন্মের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আপাতত মেয়ের ছবি প্রকাশের কোনো পরিকল্পনা নেই। সময় উপযোগী হলে সবার সঙ্গে নবজাতকের ছবি শেয়ার করবেন।
অভিনেত্রী আরও জানান, সন্তান জন্মের আগেই ছেলে ও মেয়ের জন্য আলাদা নাম নির্ধারণ করেছিলেন তারা। ছেলে হলে নাম রাখা হতো ‘আফফান বিন রাকিব’ এবং মেয়ে হলে ‘মারিয়াম বিনতে রাকিব’। কন্যাসন্তান জন্ম নেওয়ায় আগেই ঠিক করা নামটিই রাখা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে নিজের জন্মদিনে প্রথমবারের মতো মা হতে যাওয়ার সুখবর জানিয়েছিলেন প্রিয়াঙ্কা। এর আগে গত বছরের নভেম্বরে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের দুই মাস পরই অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানিয়ে ভক্তদের চমকে দেন এই অভিনেত্রী।
এম জি