রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ১৬, ২০২৬, ০৪:২১ পিএম
যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে নগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রথমে রাজশাহী সিটি করপোরেশনের পক্ষ থেকে তিনি শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি মহান জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করেন। একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, সহকারী প্রকৌশলী মো. শাহেদুজ্জামান জীবন, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, হিসাবরক্ষণ কর্মকর্তা নিজামুল হোদা, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সহিদুল হক, ট্যাক্সেশন অফিসার মো. মহীউদ্দিন, কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. সাকিলসহ বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীরা।
এদিকে দিবসটি উপলক্ষে বাদ জোহর জুলাই শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত, জুলাই যোদ্ধাদের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও অগ্রগতি কামনায় রাজশাহী সিটি করপোরেশনের সোনাদীঘি জামে মসজিদ, নগর ভবনের ওয়াক্তিয়া মসজিদসহ সব মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। পাশাপাশি সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা, প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
এএন