এম. আর. সোহেল, ভৈরব (কিশোরগঞ্জ)
জুলাই ১৭, ২০২৬, ০৫:৩০ পিএম
কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর পোষা কুকুরের জন্য ফেলে রাখা বিস্কুট খাওয়ার পর জলাতঙ্কে আক্রান্ত হয়ে রবিউল মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে পাশের জেলা নরসিংদী এলাকায় তার মৃত্যু হয়। জানা গেছে, শিশুটির গর্ভধারিণী মা রুনা বেগমও জলাতঙ্কে আক্রান্ত হয়ে রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত রবিউল ভৈরব পৌর শহরের কালিপুর দক্ষিণপাড়া এলাকার মিজান মিয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ জুন বাড়ির সামনে খেলছিল রবিউল। এ সময় প্রতিবেশী মুসা মিয়ার স্ত্রী তাদের পোষা কুকুরকে বিস্কুট খেতে দেন। কুকুরটি অর্ধেক বিস্কুট খেয়ে বাকি অংশ ফেলে দিলে শিশুটি সেটি কুড়িয়ে খেয়ে ফেলে। এরপর থেকেই সে ধীরে ধীরে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।
পরিবারের সদস্যরা জানান, প্রথমে রবিউলকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে জলাতঙ্কের টিকা না থাকায় তাকে দ্রুত আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে স্থানীয় হাসপাতাল থেকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখান থেকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসকরা। তবে ঢাকায় পৌঁছানোর আগেই পথে শিশুটির মৃত্যু হয়।
শিশুটির বাবা মিজান মিয়া অভিযোগ করেন, প্রতিবেশীরা নিয়মিত বাড়ির সামনে কুকুরকে খাবার দিতেন। বারবার নিষেধ করার পরও তারা বিষয়টি কর্ণপাত করেননি। তাদের দায়িত্বহীন আচরণের কারণেই তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করেন।
এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) লিমন বোস ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আমার সংবাদ-এর ভৈরব প্রতিনিধি এম. আর. সোহেলকে বলেন, এ ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএন