শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬, ০৩:২০ পিএম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় কৃষকদের মাঝে স্মার্ট কৃষক কার্ড বিতরণের লক্ষ্যে তথ্য পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১৯ জুলাই) দিনব্যাপী উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সকাল থেকে স্থানীয় কৃষকরা জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জমির তথ্যসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তথ্য সংগ্রহ কেন্দ্রে উপস্থিত হন। কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকদের তথ্য যাচাই-বাছাই করে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন।
কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ, সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুমসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রকৃত কৃষকদের সঠিক তথ্য সংরক্ষণ এবং কৃষি খাতে সরকারি বিভিন্ন সহায়তা ও সেবা সহজে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ তথ্য পাইলটিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তথ্য সংগ্রহ শেষে যোগ্য কৃষকদের পর্যায়ক্রমে স্মার্ট কৃষক কার্ড প্রদান করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্মার্ট কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি সরকারি প্রণোদনা, কৃষি উপকরণ বিতরণ, ভর্তুকি, প্রশিক্ষণসহ বিভিন্ন কৃষিবান্ধব কর্মসূচির সুবিধা গ্রহণ আরও সহজ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আমেনা খাতুন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম পরিচালনা করা হবে। যাতে কোনো প্রকৃত কৃষক এ কার্যক্রমের বাইরে না থাকেন, সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। কৃষকদের সঠিক তথ্য সংগ্রহে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা সহযোগিতা করছেন।
তিনি আরও জানান, এ কার্যক্রম আগামী ৪ আগস্ট পর্যন্ত চলমান থাকবে।
এম জি