দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
জুলাই ১৯, ২০২৬, ০৬:০৭ পিএম
পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং জনসচেতনতা তৈরির লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে ২৬ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় দীঘিনালা জোন সদরে আয়োজিত কর্মসূচিতে জোনের উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রুশাদ এবং অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আব্দুল্লাহ আল আজমী বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে চারা বিতরণ করেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন সাব-জোন থেকেও একযোগে চারা বিতরণ করা হয়। এর মধ্যে দীঘিনালা জোন থেকে ৭ হাজার এবং বিভিন্ন সাব-জোন থেকে ১৯ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা, বোয়ালখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা এবং দীঘিনালা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছা. মনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষসম্পদ বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন এবং বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করার আহ্বান জানান।
এম জি