বরিশাল প্রতিনিধি
জুলাই ২৩, ২০২৬, ১২:০৬ এএম
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম মন্তব্য করেছেন, ইসলামী আন্দোলন জোট করেছিল ইসলামের পক্ষে একটা বাক্স হবে, যার নেতৃত্বে ছিলেন পীর সাহেব চরমোনাই। তিনি বলেন, আমরা চলতেছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলতেছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা চলছে আমেরিকার দিকে।
বুধবার বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শায়খে চরমোনাই আরও বলেন, মদিনাওয়ালা কোনো দিন আমেরিকা যেতে পারেন না। মদিনাওয়ালা যদি মদিনার দিকে চলতে থাকেন, তবে এক দিন না এক দিন ইসলামী হুকুমাত কায়েম হবে। ইসলাম কোনো দিন ক্ষমতা কিংবা অর্থের বিনিময়ে কায়েম হয় নাই, ইসলাম কায়েম হয়েছে আল্লাহর রহমতে।
ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বরিশাল জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আল আমীন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, ইসলামী আন্দোলন আগৈলঝাড়া শাখার সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সেক্রেটারি মাওলানা এমদাদ হোসাইন প্রমুখ।
জেএইচআর