মিরাজ আহমেদ, মাগুরা
জুলাই ২৩, ২০২৬, ১২:০৮ এএম
সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, ট্রাফিক আইন প্রতিপালন এবং নিরাপদ সড়ক নিশ্চিত করতে মাগুরার চারটি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানকালে বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন এবং মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহারসহ বিভিন্ন বিধান প্রতিপালনের বিষয় তদারকি করা হয়। এ সময় আইন লঙ্ঘনের অভিযোগে মোট ১৮টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৯৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে চালক ও যাত্রীদের মধ্যে নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। ট্রাফিক আইন মেনে চলা, বৈধ কাগজপত্র সঙ্গে রাখা এবং নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে সড়ক পরিবহন আইন বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হবে। নিয়মিত তদারকি ও আইন প্রয়োগের মাধ্যমে সড়কে শৃঙ্খলা বৃদ্ধি পাবে এবং দুর্ঘটনার ঝুঁকি কমে আসবে বলে আশাবাদ প্রকাশ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেএইচআর