রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৪, ২০২৬, ০৩:১৭ পিএম
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উদ্যোগে অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় দ্রুত মামলা নিষ্পত্তি, মামলার গুণগত ও মানসম্মত তদন্ত নিশ্চিত করা, মাদকবিরোধী অভিযান জোরদার, রাত্রিকালীন টহল বৃদ্ধি এবং মেডিকেল সার্টিফিকেট ও ময়নাতদন্তের (পোস্টমর্টেম) রিপোর্ট দ্রুত সংগ্রহের বিষয়ে তাগিদ দেওয়া হয়। এ ছাড়া জনগণকে ভোগান্তিমুক্ত পুলিশি সেবা প্রদান এবং আদালতের নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় আরএমপির সকল উপ-পুলিশ কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ পুলিশ সুপার, পিবিআই, র্যাব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিজিবি, নৌ পুলিশ, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এবং সিআইডির প্রতিনিধিরা এই সভায় অংশ নেন।
সরকারি বিভিন্ন দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) প্রতিনিধি, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্সের প্রতিনিধি, দিনের আলো হিজড়া সংগঠন রাজশাহীর সভাপতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় উপস্থিত ছিলেন।
জেএইচআর