রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৪, ২০২৬, ০৩:২৩ পিএম
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় নগরীর ওয়ার্ডভিত্তিক ড্রেনের কাদামাটি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে মহানগরের ১১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অচল হয়ে থাকা সেকেন্ডারি ড্রেন পরিষ্কার ও কাদামাটি অপসারণের কাজ সম্পন্ন করা হয়েছে।
রাসিক সূত্র জানায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, মশক নিয়ন্ত্রণ, ড্রেন থেকে কাদামাটি অপসারণ, বৃক্ষরোপণ, সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমে বিশেষ গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
এর ধারাবাহিকতায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সংলগ্ন এলাকা থেকে সবজিপাড়া, সাহাজিপাড়া, হরিজন পল্লী মন্দির সংলগ্ন এলাকা এবং হেতেমখাঁ গোরস্থানের দক্ষিণ পাশের বাউন্ডারি ওয়াল সংলগ্ন সেকেন্ডারি ড্রেন পর্যন্ত জমে থাকা ময়লা-আবর্জনা ও কাদামাটি অপসারণ করা হয়।
দীর্ঘদিন ধরে ড্রেনগুলোতে ময়লা ও পলি জমে থাকায় পানি নিষ্কাশন ব্যবস্থা প্রায় অচল হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হতো। ড্রেন পরিষ্কারের পর পানি চলাচল স্বাভাবিক হয়েছে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে দূর হয়েছে বলে জানিয়েছে রাসিক।
এদিকে হেতেমখাঁ গোরস্থানে দীর্ঘদিন বন্ধ থাকা পানির সংযোগ পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি গোরস্থানের বিভিন্ন স্থানের আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন করা হয়েছে।
রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এসব কার্যক্রম বাস্তবায়ন সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে রাসিক প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে নগরীর ড্রেনেজ ব্যবস্থা সচল রাখতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা জানিয়েছেন তাঁরা।
জেএইচআর