রাকিবুল হাসান, রাজশাহী
জুলাই ২৫, ২০২৬, ০৮:৪৫ পিএম
ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মিত হতে যাচ্ছে আধুনিক রাজশাহী ইনডোর স্টেডিয়াম। শনিবার বিকেলে মহানগরীর বোয়ালিয়া ক্লাব-সংলগ্ন নির্ধারিত স্থানে ফলক উন্মোচনের মাধ্যমে স্টেডিয়ামটির নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। ফলক উন্মোচনের পর দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে ভূমিমন্ত্রী, রাসিক প্রশাসক ও অন্যান্য অতিথিরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
জানা গেছে, রাজশাহী বিভাগীয় ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় প্রায় ৮৯ লাখ ৬ হাজার ২৪১ টাকা ব্যয়ে স্টেডিয়ামটি নির্মাণ করবে রাজশাহী সিটি কর্পোরেশন। এতে বাস্কেটবলসহ বিভিন্ন ইনডোর খেলাধুলার জন্য আধুনিক সুযোগ-সুবিধা রাখা হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে আধুনিক ইনডোর স্টেডিয়াম নির্মাণ একটি সময়োপযোগী উদ্যোগ। ভূমি মন্ত্রণালয়ের অধীন মহানগরীর পরিত্যক্ত সরকারি জমিগুলো দ্রুত উন্নয়ন কর্মকাণ্ডের জন্য সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে।
তিনি বলেন, রাজশাহীকে আরও সুন্দর, পরিচ্ছন্ন ও সমৃদ্ধ মহানগর হিসেবে গড়ে তুলতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
ভূমিমন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড দেশের অন্যতম সেরা পর্যায়ে রয়েছে। এ জন্য তিনি রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের প্রশংসা করেন।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে ধারাবাহিকভাবে কাজ চলছে। দায়িত্ব গ্রহণের পর অসমাপ্ত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগও নেওয়া হয়েছে।
তিনি বলেন, মহানগরীর দখলমুক্ত বা পরিত্যক্ত সরকারি জমি সিটি কর্পোরেশনের অনুকূলে বরাদ্দ দেওয়া হলে সেখানে সিনিয়র সিটিজেন পার্ক, নারীদের জন্য ক্লাব, পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনসহ বিভিন্ন নাগরিক সুবিধামূলক প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে।
রাসিক প্রশাসক আরও জানান, মহানগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে প্রাথমিকভাবে ২৬টি স্থান খেলার মাঠ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ১৫ থেকে ১৬টি মাঠ খেলাধুলার উপযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সবুর আলী, রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মো. নূর-ই-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নিলুফার ইয়াসমিন, এবিএম আসাদুজ্জামান সুইটসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এম জি