ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
জুলাই ২৮, ২০২৬, ০৫:৫৮ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি রায়হান মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘদিন পলাতক থাকার পর নান্দাইল উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) খলিলুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল নান্দাইল থানা-পুলিশের সহযোগিতায় সোমবার (২৭ জুলাই) নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি রায়হান মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরদিন মঙ্গলবার (২৮ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া রায়হান মিয়া নান্দাইল উপজেলার চর শ্রীরামপুর গ্রামের সাহাদ উল্লাহর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী ১৫ বছর বয়সী এক কিশোরীকে গত বছরের ২৫ নভেম্বর ধর্ষণের চেষ্টা করে রায়হান মিয়া। একই ঘটনায় তাকে অপহরণ করে নিয়ে যাওয়ারও অভিযোগ রয়েছে।
ঘটনার পর ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আসামিপক্ষের বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকির মুখে পড়ে তারা। গত ১৭ জুলাই মামলা প্রত্যাহারের জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হলে পরিবারটি নিরাপত্তার স্বার্থে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। পরে ২০ জুলাই ভুক্তভোগীর পরিবার ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করে। এর পরপরই পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করে।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক রাশেদ মোশাররফ বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধান আসামি রায়হান মিয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এএন