আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৮, ২০২৬, ১০:৩৪ এএম
বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মরহুমের সহধর্মিণী ও কালমেঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেগম নুর আফরোজ হেপী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি পরিবার, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৪৯ সালের ৩০ আগস্ট বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নে জন্মগ্রহণ করেন প্রবীণ এই রাজনীতিবিদ।
পারিবারিক সূত্রে জানা গেছে, গোলাম সরোয়ার হিরু দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
গোলাম সরোয়ার হিরু বরগুনার স্থানীয় ও জাতীয় রাজনীতির এক পরিচিত মুখ ছিলেন। তিনি প্রথমে পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বিএনপি, আওয়ামী লীগ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ঘন ঘন দল পরিবর্তনের কারণে তিনি রাজনৈতিক অঙ্গনে একাধিকবার আলোচনার জন্ম দেন।
সর্বশেষ ২০১৩ সালে বরগুনা-২ আসনের উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি দ্বিতীয় স্থান অর্জন করেন। এরপর ২০২৩ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী হলে বিষয়টি স্থানীয় ও জাতীয় রাজনীতিতে বেশ আলোচনার সৃষ্টি করেছিল।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সমর্থকদের কাছে স্পষ্টভাষী ও সাহসী নেতা হিসেবে পরিচিত এই রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জেএইচআর