কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)
জুলাই ২৮, ২০২৬, ০৮:৩০ পিএম
কুড়িগ্রামের উলিপুরে পানিতে পেতে রাখা মাছ ধরা চায়না দুয়ারি জালে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে বুড়াবুড়ি ইউনিয়নের কিশামত ফুলবাড়ী মৌজা এলাকায় এ ঘটনা ঘটে ।
সাপ আটকের খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। ঘটনাটি দেখতে আশপাশের এলাকার অনেক মানুষ ভিড় জমান।
স্থানীয় জেলে খাদেমুল ইসলাম জানান, প্রতিদিনের মতো তিনি নদীতে জাল পেতে মাছ ধরেন। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে দেখেন, অন্যান্য দিনের চেয়ে আজ তার জালের ওজন অস্বাভাবিক লাগছে। পরে জাল তুলে মাছ ঝাড়তেই দেখতে পান, একটি বিশাল আকৃতির অজগর সাপ জালে পেঁচিয়ে আটকা পড়ে আছে। এ দেখে তিনি ভয় পেয়ে স্থানীয় লোকজনকে ডাকেন এবং সাপসহ জাল উপরে তুলে বন বিভাগে খবর দেন।
খবর পেয়ে উলিপুর উপজেলা বন বিভাগের কর্মকর্তা ফজলুল হকের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে সতর্কতার সঙ্গে অজগরটি উদ্ধার করে।
বন বিভাগের কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা অজগরটি সুস্থ আছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে বন্যপ্রাণী সংরক্ষণ নীতিমালা অনুসরণ করে সাপটিকে উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
স্থানীয়রা জানান, নদী ও চরাঞ্চলে মাঝেমধ্যে বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণীর দেখা মিললেও এ ধরনের বড় আকৃতির অজগর জালে আটকা পড়ার ঘটনা খুবই বিরল।
বন্যপ্রাণী বিশেষজ্ঞরা জানান, অজগর বিষধর নয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ ধরনের প্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা ক্ষতি না করে দ্রুত বন বিভাগকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
এএন