ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা সোমবার, ২০ জুলাই, ২০২৬

ঈদের ছুটিতে ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার, বিক্রি তলানিতে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৬, ১২:৩৬ পিএম

ঈদের ছুটিতে ক্রেতাশূন্য রাজধানীর কাঁচাবাজার, বিক্রি তলানিতে

বছরের অন্যান্য দিন যে বাজারগুলো ভোর থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার হাঁকডাকে মুখরিত থাকে, ঈদুল আজহার টানা ছুটিতে সেখানে এখন চিরচেনা সেই ব্যস্ততা উধাও। উৎসবের আমেজে রাজধানী ঢাকা প্রায় জনশূন্য হয়ে পড়ায় কাঁচাবাজারগুলোতে নেমে এসেছে সুনসান নীরবতা। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত মিরপুর, শান্তিনগর ও মালিবাগসহ বিভিন্ন এলাকার বাজার ঘুরে দেখা গেছে, বেচাকেনা নেমে এসেছে প্রায় তলানিতে।

সরেজমিনে মিরপুর ১, ৬, ১০ ও কাজীপাড়া এলাকার কাঁচাবাজারগুলোতে গিয়ে দেখা যায়, সিংহভাগ দোকানই বন্ধ। যা-ও দুই-চারটি দোকান খোলা রয়েছে, সেখানে ক্রেতার দেখা মেলা ভার। সবজি ও নিত্যপণ্যের পসরা সাজিয়ে বিক্রেতাদের কেবল অলস সময় পার করতে দেখা গেছে।

কাজীপাড়া এলাকার এক সবজি বিক্রেতা হতাশা প্রকাশ করে বলেন, "ঈদের ছুটিতে মানুষ ঢাকা ছেড়ে গ্রামে চলে যাওয়ায় এই দশা। সাধারণ দিনে যেখানে কয়েক ঘণ্টার মধ্যে সবজি বিক্রি শেষ হয়ে যায়, আজ সেখানে সারাদিন বসে থেকেও কাস্টমার পাচ্ছি না।" অন্যদিকে, বাজারে আসা রুবিনা আক্তার নামের এক ক্রেতা জানান, ভিড় না থাকায় খুব দ্রুত ও স্বস্তিতে কেনাকাটা শেষ করতে পেরেছেন তিনি।

একই চিত্র দেখা গেছে শান্তিনগর থেকে মালিবাগ মোড় পর্যন্ত ফুটপাতের বাজারগুলোতে। ভোরবেলা নরসিংদীসহ ঢাকার আশপাশ থেকে আসা কিছু টাটকা সবজি নিয়ে বিক্রেতারা বসলেও সকাল ৯টার পর বাজার পুরোপুরি ফাঁকা হয়ে যায়।

শান্তিনগরের ফুটপাতে সবজি বিক্রেতা নাদিম জানান, প্রতিদিন ভোরে পণ্য নিয়ে এলেও ঈদের ছুটির কারণে ক্রেতা না থাকায় আজ বিক্রি হয়নি বললেই চলে। স্থানীয় বাসিন্দা মাহবুব আলমের মতে, ঢাকায় মানুষ কমে যাওয়ার সরাসরি প্রভাব পড়েছে বাজারে।

সাধারণ সময়ে মিরপুরের অস্থায়ী ফুটপাত কিংবা শেওড়াপাড়ার যে কাঁচাবাজারে পা ফেলার জায়গা থাকে না, ছুটির দিনে সেখানে বিরাজ করছে ভিন্ন পরিবেশ। মিরপুর ১০ নম্বরের ভ্রাম্যমাণ ফল বিক্রেতা কালাম মিয়া জানান, অন্যান্য বছরের ছুটির তুলনায় এবার ক্রেতার সমাগম আরও কম মনে হচ্ছে। বিকেল পর্যন্ত বসে থেকেও কাঙ্ক্ষিত বিক্রি হচ্ছে না। তবে মিরপুর ৬-এর বাসিন্দা আফসানা বেগম জানান, বাজারে ভিড় কম থাকায় সুবিধা হলেও অনেক দোকান বন্ধ থাকায় সব পণ্য এক জায়গায় পাওয়া যাচ্ছে না।

ঈদ বা বড় কোনো ছুটিতে রাজধানী থেকে লাখ লাখ মানুষ নাড়ির টানে বাড়ি ফেরায় সাময়িকভাবে নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ডে কিছুটা স্থবিরতা আসে। যার প্রাথমিক ও প্রধান প্রভাব পড়ে প্রতিদিনের কাঁচাবাজার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর। তবে ছুটি শেষে কর্মব্যস্ত মানুষ ঢাকা ফিরলে বাজারগুলো আবার তার চেনা রূপ ফিরে পাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

এএন

Link copied!