আমার সংবাদ ডেস্ক
জুলাই ১৭, ২০২৬, ১২:২৭ এএম
চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নতুন ঋণ কর্মসূচির আবেদনের পরিপ্রেক্ষিতে আইএমএফের একটি প্রতিনিধিদল সম্প্রতি ঢাকা সফর করে। সেই সফর শেষে বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি এই পূর্বাভাসের কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, এই সফরের মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতি পর্যালোচনা এবং সরকারের সংস্কারমূলক অগ্রাধিকারগুলো নিয়ে আলোচনার একটি সুযোগ তৈরি হয়েছে।
আইএমএফের মতে, বাংলাদেশ বর্তমানে বড় ধরনের রাজস্ব ঘাটতি, দুর্বল আর্থিক খাত ও উচ্চ মূল্যস্ফীতির মতো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের নেতিবাচক প্রভাবে এই চাপ আরও ঘনীভূত হয়েছে। এর ফলে একদিকে যেমন আমদানি ও ভর্তুকি ব্যয় বেড়েছে, অন্যদিকে ব্যাংকিং খাতের নানামুখী সংকটের মাঝেই নতুন করে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হচ্ছে।
এর আগে গত সপ্তাহে এশীয় উন্নয়ন ব্যাংকও (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ দশমিক ৭ শতাংশ থেকে কমিয়ে ৪ দশমিক ৫ শতাংশ করার আভাস দিয়েছিল। আইএমএফের নতুন এই পূর্বাভাস দেশের অর্থনৈতিক মন্দার চিত্রটিকে আরও স্পষ্ট করে তুলল।
আইএমএফের বিবৃতিতে উল্লেখ করা হয়, রাজস্ব আদায় বাড়াতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম জোরদার করা এবং ব্যাংকিং খাতের দীর্ঘদিনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারলে মধ্যমেয়াদে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি সম্ভব।
প্রতিনিধিদলটি বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং নীতিগত অগ্রাধিকার নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে 'গঠনমূলক আলোচনা' সম্পন্ন করেছে। নতুন ঋণ কর্মসূচির সম্ভাব্য রূপরেখা, ঋণের পরিমাণ এবং এর সঙ্গে যুক্ত সংস্কারের শর্তগুলো নিয়ে আগামী মাসগুলোতে দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
জেএইচআর