ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ৯, ২০২৬, ০২:২২ এএম

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. এস এম হেমায়েত জাহান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক এবং উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

সোমবার (৮ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী তাকে চার বছরের জন্য উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক হেমায়েত জাহান ১৯৯২ সালে পটুয়াখালীর লতিফ মিউনিসিপ্যাল সেমিনারি বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৯৪ সালে পটুয়াখালী সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পরবর্তীতে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ থেকে ১৯৯৮ সালে স্নাতক এবং ১৯৯৯ সালে কীটতত্ত্ব বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। উভয় পরীক্ষায় তিনি প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হন। পরে ২০১৩ সালে দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে কীটতত্ত্ব বিষয়ে ডক্টরেট ডিগ্রি লাভ করেন।

শিক্ষকতা জীবনের শুরু ২০০৪ সালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অধ্যাপক (গ্রেড-১) পদে কর্মরত রয়েছেন।

প্রশাসনিক দায়িত্বেও তিনি দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী। বর্তমানে উপ-উপাচার্যের পাশাপাশি বিভিন্ন বিভাগ ও একাডেমিক কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। তিনি মেরিন ফিশারিজ ও সমুদ্রবিজ্ঞান, দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, মানব পুষ্টি ও খাদ্যতত্ত্ব এবং জীবপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এর আগে তিনি উপাচার্যের ব্যক্তিগত সচিব (অতিরিক্ত দায়িত্ব), কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, একাডেমিক কাউন্সিলের সদস্য এবং অতিরিক্ত দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক রাজনীতিতেও তিনি সক্রিয় ভূমিকা রেখেছেন। অতীতে বিএনপি-সমর্থিত সাদা দলের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি ওই সংগঠনের পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

এম জি

Link copied!