আমার সংবাদ ডেস্ক
জুন ৮, ২০২৬, ০১:৩৭ এএম
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি এর আগে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে অধ্যাপক খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমানকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে। জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
শিক্ষা প্রশাসনে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী অধ্যাপক সাদেকুর রহমান বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা ব্যবস্থাপনা, পরীক্ষা পরিচালনা এবং প্রশাসনিক কর্মকাণ্ডে তার অভিজ্ঞতা মাদরাসা শিক্ষার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
নতুন দায়িত্বে তিনি মাদরাসা শিক্ষার আধুনিকায়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এম জি