আমার সংবাদ ডেস্ক
জুন ৮, ২০২৬, ০৬:১৮ পিএম
স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে সরকারের তিন মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ নামে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে।
তিনি আরও জানান, কারিকুলাম পরিবর্তন সম্পূর্ণভাবে একসঙ্গে করা সম্ভব নয়। আংশিক পরিবর্তনের মাধ্যমে ২০২৭ সালে নতুন পাঠ্যবই দেওয়া হবে এবং পূর্ণাঙ্গ পরিবর্তনের পর ২০২৮ সাল থেকে নতুন পাঠ্যবই পাবে শিক্ষার্থীরা।
মন্ত্রী বলেন, এসএসসির সিলেবাস চলতি বছরের জুনে শেষ হচ্ছে। আগামী ৭ জানুয়ারি থেকে এসএসসি পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে।
এদিকে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
এম জি