আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০২৫, ০৬:০৬ পিএম
তীব্র ভূকম্পনে কেঁপে উঠল দ্বীপ রাষ্ট্র তাইওয়ান। বুধবার দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
শক্তিশালী এই কম্পন রাজধানী তাইপেসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। কম্পনের সময় রাজধানী তাইপাইয়ের সুউচ্চ ভবনগুলো দুলতে থাকলেও কোনো ভবন ধসে পড়ার ঘটনা ঘটেনি। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি নিশ্চিত করেছে যে, তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য তাদের কাছে পৌঁছায়নি।
বিশ্বের শীর্ষস্থানীয় চিপমেকার প্রতিষ্ঠান টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা বেশি থাকলেও তাদের ফ্যাক্টরিগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং কোনো কর্মীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার প্রয়োজন পড়েনি। উল্লেখ্য, দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে তাইওয়ান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ একটি অঞ্চল।
স্মরণকালের মধ্যে ১৯৯৯ সালে তাইওয়ানে ভয়াবহ ভূমিকম্পে ২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর আগে ২০১৬ সালেও এক বিধ্বংসী কম্পনে দেশটিতে শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। বুধবারের এই ভূমিকম্পের পর প্রশাসন ও দুর্যোগ মোকাবিলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
ইএইচ