আন্তর্জাতিক ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২৫, ১০:৪১ পিএম
তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৫ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। শক্তিশালী এই ভূমিকম্পে রাজধানী তাইপেসহ দ্বীপটির বিভিন্ন প্রান্তের ভবনগুলো তীব্রভাবে কেঁপে ওঠে। আতঙ্কিত বাসিন্দারা মাঝরাতে ঘরবাড়ি ছেড়ে খোলা রাস্তায় নেমে আসেন।
তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ইয়িলান কাউন্টির উপকূল থেকে প্রায় ৩২ কিলোমিটার দূরে সাগরে।
ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৭৩ কিলোমিটার। প্রাথমিক ধাক্কায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া না গেলেও উপকূলীয় এলাকায় উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।
তাইওয়ানের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা জানিয়েছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উদ্ধারকারী দলগুলো কাজ শুরু করেছে।
এর আগে গত ১৮ ডিসেম্বর দেশটিতে আরেকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল, যার কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহর।
উল্লেখ্য, তাইওয়ান দুটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। ২০১৬ সালে দেশটিতে এক ভূমিকম্পে শতাধিক এবং ১৯৯৯ সালে ৭.৩ মাত্রার এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।
ইএইচ