আন্তর্জাতিক ডেস্ক
এপ্রিল ৭, ২০২৬, ০৬:০৯ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আলোচনায় এসেছেন ভেনেজুয়েলার রাজনীতি নিয়ে অপ্রত্যাশিত মন্তব্য করে। তিনি জানিয়েছেন, সুযোগ পেলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ভাবতে পারেন।
সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, ভেনেজুয়েলার মানুষের মধ্যে তার জনপ্রিয়তা অন্য যেকোনো নেতার চেয়ে বেশি। তিনি বলেন, দায়িত্ব শেষ হওয়ার পর ভেনেজুয়েলায় গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে ভাষা শেখা নিয়েও আত্মবিশ্বাসী মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই স্প্যানিশ ভাষা রপ্ত করতে পারবেন এবং এতে তার কোনো সমস্যা হবে না।
মূলত ইরানে গুলি করে ভূপাতিত একটি যুদ্ধবিমান থেকে নিখোঁজ এক মার্কিন বিমানবাহিনীর কর্মকর্তাকে উদ্ধারের মিশন নিয়ে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে ট্রাম্প একাধিকবার ভেনেজুয়েলার প্রসঙ্গ টেনে আনেন।
এ সময় তিনি ইঙ্গিত দেন, ইরানের বর্তমান পরিস্থিতিও ভবিষ্যতে ভেনেজুয়েলার মতো পথে যেতে পারে।
উল্লেখ্য, এর আগেও গত মাসে এক মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প রসিকতার সুরে বলেছিলেন, তিনি ভেনেজুয়েলায় নির্বাচন করতে পারেন এবং দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তার এই মন্তব্যকে কেউ কেউ রসিকতা হিসেবে দেখলেও, আন্তর্জাতিক অঙ্গনে এটি নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
সূত্র: ফক্স নিউজ
এএন