আন্তর্জাতিক ডেস্ক
মে ১২, ২০২৬, ০১:৫০ পিএম
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাকে ঘিরে আলোচিত ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নতুন করে রাজনৈতিক সংকট তৈরি করেছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্তে অভিশংসন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে দেশটির পার্লামেন্ট। এতে চরম রাজনৈতিক চাপে পড়েছেন রামাফোসা। পরিস্থিতি আরও ঘনীভূত হলে তার প্রেসিডেন্ট পদও ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণ আফ্রিকার পার্লামেন্টের নিম্নকক্ষ জানায়, স্পিকার শিগগিরই একটি বিশেষ কমিটি গঠন করবেন। এই কমিটি প্রেসিডেন্টের বিরুদ্ধে ওঠা অভিযোগের সঙ্গে সম্পর্কিত সব নথি ও প্রমাণ পর্যালোচনা করবে।
এর আগে গত সপ্তাহে দেশটির সাংবিধানিক আদালত রায় দেয়, চার বছর আগে ‘ফার্মগেট’ কেলেঙ্কারি নিয়ে তদন্ত আটকে দেওয়ার পার্লামেন্টের সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। এই রায়ের পরই অভিশংসন প্রক্রিয়া আবার সক্রিয় হয়।
দক্ষিণ আফ্রিকায় ‘ফার্মগেট’ কেলেঙ্কারি, যা ‘ফালা ফালা’ কেলেঙ্কারি নামেও পরিচিত, মূলত রামাফোসার মালিকানাধীন খামারবাড়ি ‘ফালা ফালা’-কে ঘিরে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ওই খামারের একটি সোফার ভেতরে লুকানো প্রায় ৪০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা সামনে আসে।
এই ঘটনার পর প্রশ্ন ওঠে- এই বিপুল অর্থ কোথা থেকে এসেছে, কেন ব্যাংকে না রেখে সোফার ভেতরে রাখা হয়েছিল এবং অর্থের সঠিক হিসাব দেওয়া হয়েছিল কি না।
দুর্নীতিবিরোধী অবস্থান নিয়ে ক্ষমতায় আসা রামাফোসা শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রাথমিক অসদাচরণের ইঙ্গিত পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়। প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি ওই প্রতিবেদনের বিরুদ্ধে আইনি লড়াই চালাবেন।
সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রামাফোসা স্পষ্ট জানান, তিনি পদত্যাগ করবেন না। একই সঙ্গে তিনি আদালতের রায়কে সম্মান জানানোর কথাও বলেন।
পার্লামেন্টে গঠিত হতে যাওয়া অভিশংসন কমিটি আগামী কয়েক মাস ধরে অভিযোগগুলো পর্যালোচনা করবে। তদন্ত শেষে তারা আনুষ্ঠানিক অভিশংসন প্রক্রিয়া শুরু করার সুপারিশ দেবে কি না, তা নির্ধারণ করা হবে।
রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ইতোমধ্যে পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠক ডেকেছে। দলের ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটি কেলেঙ্কারি নিয়ে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা করেছে বিরোধী দল ইকোনমিক ফ্রিডম ফাইটার্স এবং আফ্রিকান ট্রান্সফর্মেশন মুভমেন্ট। ইএফএফ ইতোমধ্যে রামাফোসার পদত্যাগ দাবি করেছে।
বিশ্লেষকদের মতে, অভিশংসন কমিটির তদন্তে নেতিবাচক কিছু উঠে এলেও পার্লামেন্টে ভোটাভুটিতে রামাফোসা টিকে যেতে পারেন। কারণ, প্রেসিডেন্ট অপসারণের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। যদিও ২০২৪ সালের নির্বাচনে এএনসি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, তবে এখনো ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদের উল্লেখযোগ্য আসন রয়েছে।
এএন