আন্তর্জাতিক ডেস্ক
মে ১৭, ২০২৬, ০১:২৫ পিএম
যুক্তরাষ্ট্রে ভারতীয় শিল্পগোষ্ঠী আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি একটি জালিয়াতি-সংক্রান্ত দেওয়ানি মামলার নিষ্পত্তিতে রাজি হয়েছেন। প্রস্তাবিত সমঝোতা অনুযায়ী তারা মোট ১ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানা দিতে সম্মত হয়েছেন।
মামলাটি দায়ের করেছিল মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ২০২৪ সালে সংস্থাটি অভিযোগ তোলে যে একটি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পে ভারতীয় কর্মকর্তাদের ঘুষ দেওয়া হয়েছে এবং বন্ড ইস্যুর মাধ্যমে তহবিল সংগ্রহের সময় বিনিয়োগকারীদের ভুলভাবে তথ্য দেওয়া হয়েছে।
এই সমঝোতা কার্যকর হতে হলে যুক্তরাষ্ট্রের আদালতের অনুমোদন লাগবে। আদালত অনুমোদন দিলে মামলাটি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি হবে।
চুক্তির শর্ত অনুযায়ী, গৌতম আদানি ও সাগর আদানি কোনো ধরনের দায় স্বীকার বা অস্বীকার করবেন না। তবে ভবিষ্যতে তারা মার্কিন বাজারে বিনিয়োগকারীদের প্রতারণা, সিকিউরিটিজ জালিয়াতি বা বাজার কারসাজির মতো আইন লঙ্ঘন থেকে বিরত থাকার অঙ্গীকার করবেন।
অভিযোগপত্রে বলা হয়েছিল, ‘আদানি গ্রিন এনার্জি’ ঘুষবিরোধী নীতি অনুসরণ করছে—এমন ধারণা দিয়ে প্রায় ৭৫ কোটি মার্কিন ডলার সংগ্রহ করা হয়, যার মধ্যে মার্কিন বিনিয়োগকারীরাও ছিলেন।
আদানি গ্রুপ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে এগুলোকে ভিত্তিহীন বলে দাবি করে আসছে।
ফোর্বসের তথ্য অনুযায়ী, গৌতম আদানির সম্পদের পরিমাণ প্রায় ৮ হাজার ২০০ কোটি ডলার, যা তাকে বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন হিসেবে রাখে।
এদিকে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আদানির বিরুদ্ধে আনা ফৌজদারি জালিয়াতির অভিযোগ প্রত্যাহারের বিষয়েও অগ্রগতি করছে। নতুন আইনজীবী দলের মাধ্যমে আলোচনায় অগ্রগতি হওয়ায় এই সম্ভাবনা তৈরি হয়েছে।
এছাড়া ওই আইনজীবীরা মার্কিন কর্তৃপক্ষকে জানিয়েছে, অভিযোগ প্রত্যাহার করা হলে আদানি যুক্তরাষ্ট্রে বড় ধরনের বিনিয়োগ এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিতে পারেন।
এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের বিচার নীতির দিক পরিবর্তন ও এর প্রভাব নিয়েও আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এম জি