আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ৩, ২০২৬, ০৪:২০ পিএম
যুদ্ধবিরতির অন্তর্বর্তীকালীন চুক্তির শর্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পূরণ না করলে তেহরান পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত জবাব দেবে বলে সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনার বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
গালিবাফ বলেন, ইরান চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিশ্চিত করতে দৃঢ় অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসন যদি তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়, তাহলে ইরানও পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় পদক্ষেপ আবারও শুরু করবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের প্রধান আলোচকের দায়িত্বও পালন করছেন গালিবাফ। তিনি দাবি করেন, সামরিকভাবে ইরানের মোকাবিলা করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।
একই সঙ্গে ইসরায়েলের হুমকিকে তিনি ‘ভিত্তিহীন প্রচারণা’ বলে উল্লেখ করেন।
ইরানের প্রস্তুতির কথা তুলে ধরে গালিবাফ বলেন, ‘রমজান যুদ্ধ’ চলাকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি।
তার ভাষ্য, শেষ পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে এই উপলব্ধি তৈরি হয়েছে যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান সফল হয়নি এবং যুদ্ধবিরতির উদ্যোগও তাদের পক্ষ থেকেই এসেছে।
এম জি