আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৫, ২০২৬, ১১:৪৮ এএম
ইরানকে অস্ত্র সরবরাহ করা হলে চীন ও রাশিয়াকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, কোনো পরিস্থিতিতেই চীন ইরানের কাছে অস্ত্র সরবরাহ বা বিক্রি করবে না। তিনি বলেন, এই প্রতিশ্রুতি শুধু চীনা সরকারের ক্ষেত্রেই নয়, দেশটির কোম্পানিগুলোর জন্যও প্রযোজ্য। দুই দেশের বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি শি জিনপিংয়ের কথায় আস্থা রাখছেন এবং একই সঙ্গে দাবি করেন, তিনিও চীনকে বড় ধরনের সহযোগিতা করে যাচ্ছেন।
রাশিয়ার প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের আশ্বাস দিয়েছেন। ট্রাম্পের ভাষ্য, পুতিন জানেন যে তিনি সরাসরি ইউক্রেনের কাছে অস্ত্র বিক্রি করেন না; বরং ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে অস্ত্র বিক্রি করা হয়। ন্যাটো দেশগুলো পূর্ণ মূল্য পরিশোধ করে এবং এরপর সেই অস্ত্র কীভাবে ইউক্রেনের কাছে পৌঁছায়, সে বিষয়ে তার কোনো ভূমিকা বা নিয়ন্ত্রণ নেই বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে ট্রাম্প আরও বলেন, ইরানকে অস্ত্র সরবরাহের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সবচেয়ে বেশি যে দুটি দেশের নাম আলোচনায় আসে, তা হলো চীন ও রাশিয়া। তবে তার বিশ্বাস, এই দুই দেশ বর্তমানে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত নয়।
একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, যদি ভবিষ্যতে চীন বা রাশিয়া ইরানকে অস্ত্র সরবরাহের পথে হাঁটে, তাহলে তাদের জন্য ‘খুবই খারাপ’ পরিণতি অপেক্ষা করবে। ট্রাম্পের দাবি, এমন পদক্ষেপ কোনোভাবেই ওই দেশগুলোর নিজস্ব স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে না।
এএন