আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৫, ২০২৬, ০১:০৭ পিএম
ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের মধ্যেই উপসাগরীয় দেশ বাহরাইন ও কুয়েত ইরানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় গোপন বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল (ডব্লিউএসজে)। প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতেই এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডব্লিউএসজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, চলতি মাসের শুরুতে পরিচালিত ওই হামলায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। সূত্রগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটিই ছিল প্রথম সরাসরি প্রতিশোধমূলক সামরিক অভিযান।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, অভিযানের পেছনে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি হামলার সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়ও সহায়তা দেয় দেশটি। যুদ্ধ শুরুর পর থেকে ইউএই একাধিকবার ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।
ডব্লিউএসজের ভাষ্য অনুযায়ী, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত দীর্ঘায়িত হওয়ায় উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কয়েকটি আরব দেশ নিজেদের মধ্যে সামরিক সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে বাহরাইন, কুয়েত কিংবা সংযুক্ত আরব আমিরাত—কোনো দেশই এ দাবির বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। একইভাবে ইরানও সংবাদমাধ্যমটির প্রকাশিত তথ্য নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
এএন