আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৭, ২০২৬, ১২:৫০ পিএম
ভারতে নিট (এনইইটি) প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে দীর্ঘদিনের ছাত্র আন্দোলন শেষ হলেও এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে করা পোস্টগুলোকে ঘিরে নতুন তৎপরতা শুরু করেছে দিল্লি পুলিশ। বিশেষ করে মোদীকে লক্ষ্য করে করা আপত্তিকর ও অশালীন ভাষার পোস্ট, ভিডিও এবং মন্তব্য চিহ্নিত করে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্ল্যাটফর্মের কাছে ইতোমধ্যে একাধিক নোটিশ পাঠানো হয়েছে। আন্দোলনের সময় প্রকাশিত অনেক ভিডিও, পোস্ট ও মন্তব্য সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি একটি বিশেষ দল নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যম পর্যবেক্ষণ করছে। নতুন করে কোনো আপত্তিকর কনটেন্ট প্রকাশিত হলে তা দ্রুত অপসারণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে জানানো হচ্ছে।
এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের আশ্বাস পাওয়ার পর সিজেপি তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। প্রায় এক মাসব্যাপী চলা আন্দোলনের সমাপ্তি ঘটে গত ২৫ জুলাই।
আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয় নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে। সেখানে সিজেপির প্রধান মুখপাত্র সৌরভ দাশ বলেন, সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতে এবং পারস্পরিক সদিচ্ছার জায়গা থেকেই আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের প্রত্যাশা, সরকার নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে।
সিজেপির দাবি, সরকার নিট পরীক্ষাকে ঘিরে আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। একই সঙ্গে দেশজুড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর প্রত্যাহারের আশ্বাসও দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসের শুরুতে নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। পরবর্তীতে সেই আন্দোলন দেশজুড়ে পরীক্ষা ব্যবস্থার জবাবদিহিতা ও সংস্কারের দাবিতে বড় আকার ধারণ করে। গত ২০ জুন অভিজিৎ দিপকের নেতৃত্বে ককরোচ জনতা পার্টি নয়াদিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি শুরু করে। পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক আন্দোলনে যোগ দিলে কর্মসূচিতে নতুন গতি আসে।
সূত্র: এনডিটিভি
এএন