আমার সংবাদ ডেস্ক
জুলাই ২৭, ২০২৬, ০২:৩২ পিএম
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (২৭ জুলাই) ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশনের পক্ষ থেকে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়ার পর আসামিদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। এর আগে সকালে মামলার অভিযোগপত্র ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে জমা দেওয়া হয়।
এই মামলায় প্রধান আসামি করা হয়েছে ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। এছাড়া সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আজিজ আহমেদ, পুলিশের কয়েকজন সাবেক কর্মকর্তা এবং কয়েকজন সাংবাদিকসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।
মামলার ৪১ আসামির মধ্যে বর্তমানে ৯ জন কারাগারে রয়েছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপাসহ অন্যরা।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় এখন পর্যন্ত ৬১ জন নিহতের তালিকা পাওয়া গেছে। এর মধ্যে ৫৮ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রমে অভিযোগের বিষয়ে বিচারিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এএন