আন্তর্জাতিক ডেস্ক
জুলাই ২৭, ২০২৬, ০২:৪৪ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হিজবুল্লাহকে সমর্থনের পাশাপাশি লেবাননের ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করাও তেহরানের কৌশলগত দায়িত্ব। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত অবসানের কোনো চুক্তির আগে লেবাননের ওপর ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ ও নিঃশর্তভাবে বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি।
রোববার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় খামেনি বলেন, ‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনো পথ খোলা নেই’। তিনি হিজবুল্লাহর ধৈর্য, ত্যাগ ও প্রতিরোধ আন্দোলনের প্রশংসা করে সংগঠনটিকে লড়াইয়ের সামনের সারিতে থাকা একটি দৃঢ় শক্তি হিসেবে উল্লেখ করেন।
খামেনি বলেন, ইসরায়েলের হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমাধানের সুযোগ নেই। তিনি লেবাননের দক্ষিণাঞ্চলের মানুষের ধৈর্যের প্রশংসা করেন এবং হিজবুল্লাহর সাবেক প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহসহ নিহত কমান্ডারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, হিজবুল্লাহ একটি সাধারণ সংগঠন থেকে মুসলিম বিশ্বের গর্বের প্রতীকে পরিণত হয়েছে। তিনি সংগঠনটির দীর্ঘদিনের প্রতিরোধ সংগ্রামের ভূমিকাও তুলে ধরেন।
এদিকে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকে লেবানন থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার, ইরান সমর্থিত হিজবুল্লাহর অস্ত্র সীমিতকরণ, লেবাননের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সহায়তা এবং দেশটির পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারে মার্কিন বিনিয়োগের বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
এম জি