নভেম্বর ১৪, ২০২২, ০৪:০৩ পিএম
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন। সোমবার (১৪ নভেম্বর) বেলা পৌনে ১টায় তিনি মারা গেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন সাবেক এই বিচারপতি। তিনি স্ত্রী, ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি প্রয়াত এই বিচারপতির শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।
সাবেক বিচারপতি গোলাম রাব্বানী দীর্ঘদিন আইন পেশার সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারিতে তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান।
এরপর ২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারপতি হন। তার পরের বছর অর্থাৎ ২০০২ সালের ১০ জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।
গোলাম রাব্বানী আইন পেশার পাশাপাশি লেখালেখিও করেছেন। তিনি আইনের ওপর বেশ কয়েকটি বই লিখেছেন। তার লেখা বইয়ের মধ্যে সিপিসি অন্যতম। যা রেফারেন্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এ ছাড়া মুক্তিযুদ্ধ এবং ইসলামের ওপর তার লেখা বেশ কিছু বই প্রকাশিত হয়েছে।
টিএইচ
