আদালত প্রতিবেদক
মে ২৬, ২০২৫, ১১:৫৬ এএম
নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনসংবলিত ছয়টি সুপারিশ নিয়ে দায়ের করা রিট আবেদন পর্যবেক্ষণসহ খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী রওশন আলী। রিটে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং নারী বিষয়ক সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছিল।
রিট আবেদনে বলা হয়, নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্প্রতি বিভিন্ন মাধ্যমে প্রকাশিত ও আলোচিত হয়েছে। এতে থাকা বেশ কিছু সুপারিশ ইসলামি শরিয়াহ, দেশের ধর্মীয় অনুভূতি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে দাবি করা হয়। এসব যুক্তিতে ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ নম্বর অধ্যায়ের সুপারিশগুলোকে বেআইনি ও আইনগত কার্যকারিতা–বহির্ভূত ঘোষণা চাওয়া হয়।
রিটে আরও দাবি করা হয়, ভবিষ্যতে সংস্কার বিষয়ক সুপারিশ গ্রহণের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি নতুন কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হোক এবং বর্তমান সুপারিশ বাস্তবায়নের ওপর স্থগিতাদেশ জারি করা হোক।
তবে আদালত বিষয়টি পর্যবেক্ষণসহ খারিজ করে দেন।
ইএইচ