নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫, ০২:৩২ পিএম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অফিশিয়াল ফেসবুক পেজটি সরিয়ে নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রায় ৩০ লাখেরও বেশি ফলোয়ার সমৃদ্ধ এই পেজটি সম্প্রতি প্ল্যাটফর্মটি থেকে উধাও হয়ে যায়।
শুক্রবার আসিফ মাহমুদ তার ব্যক্তিগত অন্য একটি ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।
আসিফ মাহমুদ জানিয়েছেন, ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি সংশ্লিষ্ট বিভিন্ন পোস্ট ও ভিডিওতে ধারাবাহিকভাবে ‘স্ট্রাইক’ এবং সংঘবদ্ধভাবে রিপোর্ট করার কারণে ফেসবুক তাঁর পেজটি রিমুভ করে দিয়েছে। তিনি অভিযোগ করেন, হাদি ভাইকে নিয়ে শেয়ার করা তিনটি ভিডিওতেই পরিকল্পিতভাবে স্ট্রাইক দেওয়া হয়েছে।
সাবেক এই উপদেষ্টা তার পোস্টে আরও উল্লেখ করেন, বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে পেজের লিংক শেয়ার করে সংঘবদ্ধভাবে রিপোর্ট করার জন্য উসকানি দেওয়া হয়েছিল। মূলত রাজনৈতিক কর্মকাণ্ড ও শহীদ হাদি সংশ্লিষ্ট তথ্যের প্রচার ঠেকাতেই এই সাইবার হামলা চালানো হয়েছে বলে তিনি মনে করছেন। বর্তমানে তার অফিশিয়াল পেজটি পুনরুদ্ধার করা সম্ভব হবে কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ইএইচ