আমার সংবাদ ডেস্ক
মার্চ ২৪, ২০২৬, ০৫:৩৭ পিএম
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) জানিয়েছে, গণহত্যা দিবস (২৫ মার্চ) ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী জোরদার করা হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, দিবস দুটিকে ঘিরে রাজধানীসহ সারা দেশে বিভিন্ন সরকারি-বেসরকারি আয়োজন, কুচকাওয়াজ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এসব বিবেচনায় নিয়ে আগাম ঝুঁকি বিশ্লেষণ করে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে রাজধানী ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ তৎপরতা শুরু হয়েছে।
বিশেষ করে জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় প্যারেড স্কয়ার-সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন মেট্রোপলিটন শহর ও জেলাগুলোতে আয়োজিত অনুষ্ঠানগুলোতেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
র্যাব জানিয়েছে, নিষিদ্ধ সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। একই সঙ্গে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো ঠেকাতে সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।
এছাড়া রাজধানী ও গুরুত্বপূর্ণ শহরের প্রবেশ ও বের হওয়ার পথে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াডের মাধ্যমে স্পর্শকাতর এলাকাগুলোতে বিশেষ তল্লাশিও চালানো হবে।
র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ এলাকায় স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। কেন্দ্রীয়ভাবে র্যাব সদর দফতর থেকে সারাদেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে র্যাব। কোনো ধরনের সন্দেহজনক বা অস্বাভাবিক পরিস্থিতি দেখা দিলে নিকটস্থ র্যাব সদস্যদের অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
এএন