আমার সংবাদ ডেস্ক
জুন ১৭, ২০২৬, ০১:০০ পিএম
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের শূন্যপদের ভুল তথ্য জমা দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। এ ঘটনায় তাদের কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সহকারী পরিচালক মো. মাঈন উদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশটি মাউশির বেসরকারি কলেজ-৩ শাখা থেকে জারি করা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। জবাব পর্যালোচনা করে এমপিওভুক্ত বেতন-ভাতা স্থগিতের সুপারিশসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
এতে আরও উল্লেখ করা হয়, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে প্রাপ্ত তথ্য যাচাইয়ের পর আঞ্চলিক পর্যায়ে ২৩৭টি পদ ভুল বা Incorrect চাহিদা হিসেবে চিহ্নিত হয়েছে।
ভুল চাহিদার মধ্যে রয়েছে—প্যাটার্ন বহির্ভূত পদে আবেদন, সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষার্থী না থাকা, মামলা চলমান থাকা সত্ত্বেও চাহিদা প্রদান, শিক্ষক শূন্যতা না থাকা সত্ত্বেও ই-রিকুজিশন দেওয়া এবং যথাসময়ে তথ্য সরবরাহ না করা।
নোটিশে বলা হয়, ভুল তথ্যের কারণে প্রশাসনিক জটিলতা তৈরি হচ্ছে এবং অনেক ক্ষেত্রে ভুল নিয়োগপ্রাপ্তরা এমপিওভুক্তিতে ভোগান্তির শিকার হচ্ছেন।
এ অবস্থায় কেন সংশ্লিষ্ট অধ্যক্ষের এমপিও স্থগিত বা বাতিল এবং গভর্নিং বডির সভাপতির পদ শূন্য ঘোষণা করা হবে না-সে বিষয়ে ১০ কর্মদিবসের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এম জি